নওগাঁয় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৩
চাঁদার দাবি পূরণ না করায় একদল সন্ত্রাসী গত সোমবার রাতে নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামে জাহাঙ্গীর আলম নামের এক মাছচাষির তিনটি পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের দাবি এ ঘটনায় তার অন্তত ১২ লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয়েছে। জানা গেছে, বলিহার গ্রামের জাহাঙ্গীর আলম ওই গ্রামের বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন তিনটি পুকুর ভাড়া নিয়ে গত দু’তিন বছর ধরে মাছ চাষ করে আসার এক পর্যায়ে সম্প্রতি ওই গ্রামের কয়েকজন বখাটে যুবক জাহাঙ্গীরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। জাহাঙ্গীর চাঁদা দিতে অস্বীকার করলে গত সোমবার রাতে তারা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে জাহাঙ্গীরের পুকুরে থাকা দেশি জাতের মাগুর, পাঙ্গাস, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠে।