সিংগাইরে অপহূত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৪
মানিকগঞ্জের সিংগাইরে অপহরণের দুই দিন পর গত মঙ্গলবার রাসেল হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার দরিরাজনগর গ্রাম থেকে রাসেলকে অপহরণ করা হয়। নিহত রাসেল ওই উপজেলার দরিরাজনগর গ্রামের দুবাই প্রবাসী আফজাল হোসেনের ছেলে। সে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। রাসেলের পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে রাসেলের কাকা আজগর আলী উপজেলার সাহরাইল ইউনিয়নের কানাইনগর গ্রামের রেজেক মোল্লার মেয়ে রূপালী আক্তারকে পালিয়ে বিয়ে করেন। কিন্তু আজগরের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় রূপালী বাবার বাড়িতেই থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শনিবার রূপালী ও তার মা নূরজাহান বেগম বাড়ি এসে রাসেলের মাকে ‘দেখে নিব’ বলে হুমকি দিয়ে চলে যান। এর পরদিন রাসেল নিখোঁজ হয়।রাসেলের নানা ফরিদ জানান, মঙ্গলবার রাসেলের নানী খোদেজা বেগমের মুঠোফোনে কল করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর প্রায় চার ঘণ্টা পর রাসেলের লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, রাসেলকে অপহরণ ও হত্যার সঙ্গে আজগরের শ্বশুরবাড়ির লোকজন জড়িত রয়েছে।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, রাসেলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।