জগন্নাথপুর উপজেলার বৃহত্ নলুয়ার হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বেড়ি বাঁধ নির্মাণ শুরু হয়েছে। গতকাল হাওরে পাউবোর কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংসদ সদস্য এম এ মান্নান এর উদ্বোধন করেন। তবে বরাদ্দকৃত দেড়কোটি টাকায় নির্মাণ কাজ সম্পন্ন করা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে সুনামগঞ্জ জেলা পাউবো বরাদ্দ বৃদ্ধিকরণের চাহিদা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হাওর অঞ্চলের মধ্যে চলতি মৌসুমে বেড়ি বাঁধ নির্মাণ নলুয়ার হাওর থেকে শুরু হয়েছে। নলুয়ার হাওরের কাটা গাঙ্গের উত্তর পাড়ে ৫শ’ মিটার বেড়ি বাঁধ ১৪ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় প্রজেক্ট ইমপ্লিমেন্ট কমিটি বাস্তবায়ন করবে। এবার নলুয়ার হাওরের ১৯টি পি আই সির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য বরাদ্দ পাওয়া গেছে ১ কোটি ৫০ লক্ষ টাকা।
২৮ ফেব্রুয়ারির মধ্যে সবক’টি বেড়ি বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। বেড়ি বাঁধ নির্মাণ কাজের তদারক কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা জানান, যথাসময়ে বেড়ি বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। পি আই সির সদস্যরা যথাসময়ে কাজ শেষ করতে পারবে।
