গোপালগঞ্জের কোটালীপাড়ায় টমটমের চাপায় খুকু কির্ত্তনীয়া (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া-কান্দি সড়কের কান্দিবাজারের রমেশ বাড়ৈর মুদির দোকানের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া- কান্দি সড়কের কান্দিবাজারের রমেশ বাড়ৈর মুদির দোকানের সামনে ধারাবাশাইল বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী টমটমটি রাস্তা পারাপারের সময় খুকুমনিকে চাপা দিয়ে ঘাতক টমটমের ড্রাইভার পালিয়ে যায়। নিহত খুকুমনি উপজেলার হরিনাহাটি গ্রামের সুরেশ কির্ত্তনীয়ার মেয়ে।
পাঁচবিবি
মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের বীরনগর স্কুল মোড়ে একটি ট্রাক্টর (মেছি) ব্যাটারীচালিত অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় ও ৩ যাত্রী আহত হয়। তাদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পাঁচবিবি থেকে একটি অটো চাঁনপাড়া এলাকায় যাওয়ার পথে পিছনদিক থেকে আলোবিহীন একটি মেছি ধাক্কা দিলে পার্শ্বে খাদে পড়ে গেলে ধুরইল খামারপাড়া গ্রামের মৃত জায়বর আলীর ছেলে মহিরউদ্দিন (২৮) ঘটনাস্থলে মারা যায়।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লা চান্দিনায় ট্রাক চাপায় আফিউল বারী রানা (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রানিচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিউল বারী রানা আবুল খায়ের ট্যোবাকো কোম্পানী কুমিল্লা অঞ্চলের এসিসট্যান্ট মার্কেটিং অফিসার। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। চান্দিনা থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোর্সেদ জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
তেরখাদা (খুলনা)
বুধবার তেরখাদা-খুলনা সড়কের নেবুদিয়া নামক স্থানে একটি ট্রলি উল্টে গিয়ে ঘটনাস্থলে হেলপার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় চালক এমদাদুলকে দ্রুত খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুদাসপুর (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়ায় বুধবার বালি বোঝাই ট্রাকের চাপায় ফেরোজা বেগম (৫০) ও মর্জিনা খাতুন (২৪) নামে ২ মহিলা নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া ধানাইদহে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হেলপার রাশেদ (২২) গুরুতর আহত হন। নিহত ফিরোজা বেগম লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ও মর্জিনা খাতুন একই গ্রামের মুনসুর আলীর স্ত্রী।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নছিমন চালক নিহত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে। বুধবার কালনা-যশোর সড়কের রামপুরস্থ নিরিবিলি পিকনিক স্পটের সামনে নছিমন ড্রাইভার যাত্রী নামিয়ে দিয়ে মূল সড়কে ওঠার সময় খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নছিমনকে চাপা দেয়। এসময় নছিমন চালক মুন্নাফ শিকদার(৪০)ঘটনাস্থলেই মারা যায়।
