বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার লামাতাশী ইউনিয়নের তারাপাশা গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের দুলা মিয়ার শিশুকন্যা জোনাকী (৬) এবং হিরা মিয়ার শিশুকন্যা মারজানা (৫) খেলার এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে দুলা মিয়া মারজানাকে মারধর করে। মারজানার চিত্কার শুনে তার পিতা হিরা মিয়া এগিয়ে এলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুলা মিয়া ও তার আত্মীয়-স্বজন হিরা মিয়ার উপর আক্রমণ চালায়। এ সময় পাশের বাড়ির বৃদ্ধ মোহাম্মদ আলী হোসেন (৬০) ঝগড়া থামাতে এগিয়ে এলে দুলা মিয়ার লোকজন তাকেও মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
