দুই জন সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে নিয়োগ স্থগিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠায় সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ কার্যক্রম স্থগিত, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত এবং ঘটনার তদন্তে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল ফারাজ আদেশ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রেজাওয়ানুর রহমান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের আওতাধীন তয় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। অপরদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ূন কবীর স্বাক্ষরিত পৃথক পত্রে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন ও হিসাব রক্ষক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে চাকরি বঞ্চিত এক প্রার্থীর দায়ের করা প্রতারণা মামলায় গ্রেফতারের পর জেলহাজতে রয়েছেন। একই আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মতি উদ্দিন এবং যুগ্ম সচিব সুভাষ চন্দ্র সরকারকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিষয়টির তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।