মৃত্যুর আগে শাহজাহানের বক্তব্যের উল্টো রিপোর্ট পুলিশের তদন্তে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে রহস্যজনক বিস্ফোরণে পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহজাহান মৃত্যুর আগে যে বক্তব্যে দিয়ে গেছেন তার সঙ্গে পুলিশের তদন্ত রিপোর্টের মিল নেই। গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর পুলিশের গঠন করা ৩ সদস্যের তদন্তের কমিটি মঙ্গলবার বিকেলে পুলিশের সদর দপ্তরে তাদের দেওয়া প্রদত্ত রিপোর্টে শাহজাহানকে একজন মদ্যপ অফিসার হিসেবে উল্লেখ করেছেন। তদন্ত কমিটি ওসি নুর মোহাম্মদ ও সেকেন্ড অফিসার বিনয় কৃষ্ণ কর এর সঙ্গে কোন পূর্ব শত্রুতা বা বিরোধের সত্যতা খুঁজে পায়নি। আরো বলা হয়েছে, ঘটনার রাতে মদের মধ্যে আগুন ধরার কারণে আগুন ও পকেটে থাকা ইনহেলার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের কোয়ার্টারে শাহজাহানের বিছানার নিচ থেকে ১২ লিটার মদ পাওয়া গেছে বলেও তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আগুন ধরার পর অথচ সোমবার বন্দর থানার ওসি নূর মোহাম্মদ কোন কিছু উদ্ধারের কথা জানায়নি। আর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন বলেছেন, ইনহেলার থেকে বিকট শব্দে বিস্ফোরণের কোন সম্ভাবনা নেই। আর সরকারী তোলারাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বলেছেন মদ বা অ্যালকোহল থেকে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে না। অ্যালকোহলে জৈব এসিড থাকে। বৃহস্পতিবার ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম ৩সদস্যের কমিটি গঠন করে দেয়। কমিটির প্রধান করা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সাজ্জাদুর রহমানকে। কমিটির অন্য ২ জন হলেন সহকারী পুলিশ সুপার (ক) অঞ্চল গোলাম আজাদ খান ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও) আমজাদ হোসেন।