বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কোনো মুক্তিযোদ্ধা নেই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বাইরে কোনো মুক্তিযোদ্ধা নেই। মন্ত্রণালয়ের তালিকায় যাদের নাম আছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। মঙ্গলবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়মঞ্চে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, বিরোধী দলের সংবর্ধনায় যেসব মুক্তিযোদ্ধা যোগদান করবে তাদের চিহ্নিত করতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় একাত্তরের ঘাতকরা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এ কে এম রহমত উল্লাহ এম পি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ । আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যহত করতে আদালতকে বিতর্কিত করার চেষ্টা চলছে। নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর করার চেষ্টা হচ্ছে। এতে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।