গোলাম আযমের বিচার পুনরায় শুরু করতে আবেদন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৫
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিচার পুনরায় শুরুর আবেদন করেছে আসামি পক্ষ। গতকাল বুধবার আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন পেশ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার পুনরায় শুরুর আবেদন আগামী ২৪ ডিসেম্বরের আগেই দাখিল করা হবে বলে জানিয়েছে আসামি পক্ষ। সব আবেদন দাখিলের পর ২৪ ডিসেম্বর এর ওপর শুনানি হবে বলে দিন ধার্য করেছেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। গোলাম আযমের পুনরায় বিচারের আবেদন দাখিল শেষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ১২ মে ব্রাসেলস থেকে ড. আহমেদ জিয়া উদ্দিন চার্জ গঠন বিষয়ে একটি ড্রাফট পাঠান ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করা চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কাছে। বিচারপতি নিজামুল হক ১৩ তারিখ যে চার্জ গঠনের আদেশ দেন সেই আদেশের সাথে ১২ তারিখের ড্রাফটের হুবহু মিল রয়েছে। ড্রাফটে তিনি শুধু তারিখ এবং নাম্বার পরিবর্তন করে বসিয়ে দিয়েছেন। দুনিয়ার ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে জালিয়াতির এমন নজির আর নেই। সেই কারণে আমরা তার বিচার পুনরায় শুরুর আবেদন করেছি। কারণ কোন মামলার বিচার কার্যক্রম শুরু হয় অভিযোগ গঠন থেকে। সেই অভিযোগ গঠনেই মহা জালিয়াতির ঘটনা ঘটেছে। তিনি বলেন, গোলাম আযমের মামলা পুনরায় বিচার শুরুর আবেদনের সাথে ৬০০ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েছি। আরো ৫০০ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হবে। এদিকে, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীকে জেরা করার কথা ছিল। তবে আসামি পক্ষ থেকে মুলতবি চাওয়ায় রবিবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। আবুল কালাম আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ২৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ গতকাল রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে স্টেট ডিফেন্স আবদুস শুকুর খান আসামির পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারবেন না বলে জানানোর পর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা করা হবে। এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্ল¬ার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে রাষ্ট্রপক্ষ। গতকাল ট্রাইব্যুনাল-২ এ যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।