বকেয়া বেতনের দাবিতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নর্থপুল বিডি লিমিটেডের শ্রমিকরা গতকাল বুধবার সকালে চট্টগ্রাম ইপিজেড (সিইপিজেড) চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা বেপজা অফিস ঘেরাও ও প্রধান সড়ক অবরোধ করে। এ নিয়ে গত এক সপ্তাহে বকেয়া পাওনার দাবিতে তারা দু’দফা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করল।
সংবাদ পেয়ে সিইপিজেডের নিরাপত্তাকর্মী এবং বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। সিইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ গতকাল ইত্তেফাককে জানান, সিইপিজেডে হংকংয়ের বেসরকারি মালিকানাধীন নর্থপুল সিইপিজেড লিমিটেড এবং নর্থপুল বিডি লিমিটেড নামের দু’টি প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানের মূল মালিক হংকংয়ের নাগরিক চেং চুন আন্তর্জাতিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে গত মে মাসে দেউলিয়া ঘোষিত হন। প্রতিষ্ঠান দু’টির প্রধান নির্বাহী কর্মকর্তা সম্প্রতি চীনে আটক হয়েছেন। মালিক নর্থপুল সিইপিজেডের শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ করলেও নর্থপুল বিডি লিমিটেডের প্রায় ৭৩৭ জন শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করেননি। গত ১৭ ডিসেম্বর তাদের পাওনা পরিশোধের কথা থাকলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রমিকরা সেদিনও বিক্ষোভ করে।
