রেলের কমান্ড্যান্ট এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৭
অবৈধ সম্পদ রাখার অভিযোগে পূর্বাঞ্চল রেল পুলিশের (ঢাকা) কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে রমনা থানায় মামলাটি করেন। নয় মাস পর গতকাল দুদক মামলার সুপারিশ অনুমোদন করে। রেল কেলেঙ্কারির ঘটনায় সরকারি চাকরির বিধি লঙ্ঘনের কারণে এনামুল বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। পিলখানার বিজিবি সদর দপ্তরে গত ৯ এপ্রিল রাতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া যায়। এপিএস ফারুকের গাড়ি চালক আজম খান সে রাতে টাকার গাড়িটি বিজিবি গেটে ঢুকিয়ে দেন। ওই সময় গাড়িতে ফারুক ছাড়াও ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হক। এ ঘটনা জানাজানির পরই অনুসন্ধান করে দুদক। অবৈধ সম্পদের অভিযোগে ফারুক ও মৃধার বিরুদ্ধে গত ১৪ আগস্ট রমনা থানায় মামলাও করে দুদক। ফারুক ও মৃধার বিরুদ্ধে মামলার পর চার্জশিট দিলেও এনামুলের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস পর দুদক মামলা করেছে। মামলার বাদি মনিরুল ইসলাম বলেন, সম্পদের মিথ্যা তথ্য দেয়ায় ও ৫৬ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।