৩য় শ্রেণীর এক নিষ্পাপ স্কুল ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা আব্দুর রহমান বাবু নামের ওই স্কুল ছাত্রের গলা কেটে জবাই করার পর লাশ বাড়ির পাশে একটি আখ ক্ষেতে ফেলে রাখে। নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত মাদারের চর মাষ্টারপাড়া নামক গ্রামে। দেওয়ানগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আব্দুর রহমান বাবু (১০) মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। সে মাদারের চর মাষ্টারপাড়া গ্রামের আব্দুর ছবর মোল্লার পুত্র। প্রাথমিকভাবে খুনের রহস্য জানা যায়নি। তবে এলাকায় গুঞ্জন চলছে আত্মীয়-স্বজনের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পিতা কোনো আসামির নাম উল্লেখ করতে পারেননি। কি কারণে এই নিমর্ম হত্যাকাণ্ড ঘটেছে এ ব্যাপারে পুলিশ সঠিকভাবে কিছু বলতে পারছে না।
