মুক্তিযোদ্ধাদের সঙ্গে তামাশা করেছে বিএনপি :তোফায়েল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে, অন্যদিকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। মূলত সংবর্ধনার নামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তামাশা করেছে বিএনপি। গতকাল বুধবার বঙ্গবন্ধু এভি-নিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১৪ দলীয় কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সভায় যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও জনগণকে সচেতন করতে আগামী শনিবারের গণমিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। তোফায়েল আহমেদ বলেন, ২২ ডিসেম্বর রাজধানীসহ সারাদেশের প্রতিটি উপজেলায় গণমিছিল করব আমরা। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মানুষকে সচেতন করা হবে এ কর্মসূচিতে। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে মিছিল শিখা চিরন্তন গিয়ে শেষ হবে। বুদ্ধিজীবী ও বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে উল্লেখ করে তোফায়েল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে দেশের মানুষ একাত্তরে যেভাবে জেগেছিল এখনো সেভাবেই জেগেছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, তা আপনারা সবাই জানেন। জামায়াত ও শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চালাচ্ছে বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচারের এ গণমিছিল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ন্যাপ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের হারুন চৌধুরী প্রমুখ। যৌথ সভায় সভাপতিত্ব করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া। আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জাতির কাছে পরিষ্কার করেছেন তিনি কোন ধারার রাজনীতি করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মঙ্গলবারের সর্বাত্মক হরতাল প্রমাণ করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত চায় জনগণ।