ইসলামী ১২ দলের হরতাল আজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
কমিউনিস্টদের কথিত ‘অপতত্পরতা’ নিষিদ্ধের দাবিতে আজ বৃহস্পতিবার ১২টি ইসলামী দলের ডাকা হরতালে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজধানী ঢাকায় সকাল ৬টা-২টা ও দেশের অন্যত্র সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে ১২ দল। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে রংপুর হরতালের আওতামুক্ত থাকবে। জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ও সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার সিপিবি-বাসদসহ বামপন্থী কয়েকটি দলের ডাকে দেশে মঙ্গলবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের পর ১২টি ইসলামী ও সমমনা দল আজ পাল্টা হরতাল ডেকেছে। হরতাল আহ্বানকারী ১২টি দলের অন্যতম খেলাফত আন্দোলনের দপ্তর সম্পাদক সুলতান মহীউদ্দিন খান গতকাল জানান, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মেলন থাকায় ঢাকায় আধাবেলা হরতাল পালিত হবে। এছাড়া নির্বাচনের কারণে রংপুর হরতালের আওতামুক্ত থাকলেও দেশের অন্যান্য স্থানে সকাল-সন্ধ্যা হরতাল থাকছে। ১২টি দলের মধ্যে ন্যাপ (ভাসানী), বাংলাদেশ ন্যাপ ও এনডিপি রয়েছে বলে দাবি করেছে হরতাল আহ্বানকারীরা। তবে এই তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই কর্মসূচির সঙ্গে নেই। ন্যাপ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই হরতালের সঙ্গে না থাকার কথা জানিয়ে দেয়। অন্য দুটি দলও একই কথা জানায়।