পূবালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা শহরের ডিবি রোড শাখার নৈশপ্রহরীকে হত্যা করে মঙ্গলবার রাতে ডাকাতির চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন টের পেয়ে যাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। নিহত নৈশপ্রহরী সাদেকুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গেনোপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, ডাকাতরা ব্যাংকে ঢুকে ভোল্টের তালা ভাঙ্গার চেষ্টা করে। রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার সড়কের দায়িত্বরত নৈশপ্রহরী ঘটনাটি আঁচ করতে পেরে চিত্কার শুরু করে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ডাকাতরা নৈশপ্রহরীর কাছ থেকে ব্যাংকের মূল ফটকের চাবি নিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তিনি আরো জানান, সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্যাংক ব্যবস্থাপক মনমোহন রায় জানান, ডাকাতরা ব্যাংকে ঢুকে ভোল্টের তালা ভাঙ্গার চেষ্টা করেছে। তবে কোন কিছু খোয়া যায়নি।
