আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া রাজনীতির দ্বৈত চরিত্রে অভিনয় শুরু করেছেন। একদিকে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে বিজয়ের মাসে হরতাল জ্বালাও-পোড়াও করে রাজপথকে রক্তাক্ত করছেন, অপরদিকে কিছুসংখ্যক মুক্তিযোদ্ধাকে নিয়ে আবার যুদ্ধ করার কথা বলে জাতির সাথে তামাশা শুরু করেছেন। মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারা মুক্তিযুদ্ধের চেতনাকেই কলংকিত করছে।
নিজেদের সকল দুর্নীতি আড়াল করতে আপনি দুদককে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছিলেন। দুর্নীতি করে আপনার পরিবার শত শত কোটি টাকা বিদেশে পাচার করলেও কোন প্রতিকার করেননি। কিন্তু আমেরিকার এফবিআই এই দুর্নীতি উদ্ঘাটন করায় প্রমাণিত দুর্নীতিবাজ হিসাবে আপনার পরিবার চিহ্নিত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত দেশপ্রেমিক এবং সত্ বলেই তিনি কোন দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন না। দুদককে স্বাধীনভাবে পরিচালিত হওয়ার সুযোগ দিয়ে মহাজোট সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, আবু ইউসুফ সূর্য, জেলা যুবলীগের সভাপতি মইনউদ্দিন খান চিনু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন জাকির প্রমুখ।
