সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ১২৫তম বর্ষ উদ্যাপন আজ শুক্রবার শুরু হচ্ছে। দু’দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন, আমেরিকা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্কুলের প্রাক্তন ছাত্ররা এসে হাজির হয়েছেন। ইতিমধ্যে প্রায় ১৮শ প্রাক্তন ছাত্রের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ‘সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, সুনামগঞ্জ’ আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে জেলা শহরে এখন সাজ সাজ রব। বইছে উত্সবের আমেজ। স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ১২৫তম বর্ষপূর্তি উত্সব স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্টরা জানান। এই স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরী, বিচারপতি নিফতা উদ্দিন চৌধুরী রুমী, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের এমিরেটাস সভাপতি হাসান শাহরিয়ার, নির্বাচন কমিশনের সচিব ড. মোঃ সাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানমালাঃ শুক্রবার সকাল ১০টায় স্কুলের ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের ঘোষণা ও অ্যাসেম্বলী। পরে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ। উদ্বোধনী ঘোষণার পর জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন। পরে জুবিলী স্কুলের প্রয়াত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সকল শহীদের ওপর শোক প্রস্তাব গ্রহণ, নৈতিকতা ও আদর্শের ওপর একটি ক্লাস নিবেন প্রবীণ শিক্ষক মু. আব্দুর রহিম। ১১টা ২০ মিনিটে আনন্দ শোভাযাত্রা। পরে স্মৃতিচারণ। আড়াইটায় বর্তমান ছাত্রদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় স্কুল কম্পাউন্ডের ভিতরে ১২৫তম লিখে মোমবাতি প্রজ্বলন। শনিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান। ১১টায় স্বাগত ভাষণ দেবেন বর্ষপূর্তি উদ্যাপন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মতিউর রহমান। পরে বিদ্যালয়ের কৃতি প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজ ও ক্রেস্ট বিতরণ। বিকালে কবিতা পাঠ ও বিশিষ্ট অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
