তীব্র শীতে গতকাল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পূর্বে ২ জন ও হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়। শীতজনিত রোগে মৃত ব্যক্তিরা হলেন উপজেলার সেনেরহুদা গ্রামের ইব্রাহিমপন্ডলের ছেলে নিয়ামত আলী (৪০), উপজেলা শহরের কবরস্থানপাড়ার মৃত ঝড়ু মন্ডলের ছেলে মকছেদ আলী (৫৫) ও আলী আকবর (৮০)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানান, অসুস্থ্য হয়ে ভোরে হাসপাতালে নিয়ে এলে নিয়ামত আলী ও মকছেদ আলীকে মৃত পাওয়া যায় এবং আলী আকবর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
খালিয়াজুরী(নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামে প্রচন্ড শীতে আরমান (৪ বছর) নামে এক শিশু মারা গেছে। বুধবার বিকালেএই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আরমানের মাতা তহুড়া বেগম বিকালে বোরো জমিতে চারা তুলতে যাবার সময় তিনি আরমানকে সাথে নিয়ে যান। প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানে আরমান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
