নাটোরের গুরুদাসপুরের পামপাথুরিয়া কেজিস্কুল মাঠে গতকাল বৃহষ্পতিবার সুবিধা বঞ্চিত পরিবারের ৩০ জোড়া বর-কনের যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এই গণবিয়েতে আর্থিক সহায়তা দেয় কুয়েত জয়েন্ট রিলিফ কিমিটি (কেজেআরসি)। তারা এসব পরিবারকে স্বাবলম্বী করতে রিক্সাভ্যান, সেলাই মেশিন বিবাহ সরঞ্জাম, বিছানাপত্রসহ গৃহস্থালী জিনিসপত্র দিয়েছে।
ওই গণবিয়েতে দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের পক্ষে আরব আমিরাত থেকে সাঈদ আল-নাকাবি, মোহাম্মদ আলী আল-নাকাবি, আহমাদ আব্দুল্লাল আল নাকাবি ও মোহাম্মাদ ইব্রাহিম এবং কেজেআরসির বাংলাদেশ অফিসের মহাপরিচালক ড.গাজী মো. জহিরুল ইসলামসহ গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফার ইয়াসমীন, চাপিলা ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিয়েকে ঘিরে এলাকার শত শত মানুষের উত্সুক উপস্থিতি ছিল নজর কাঁড়ার মত।
