কুমিল্লা শিক্ষা বোর্ডের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসাবে এই উত্সবের উদ্বোধন করবেন। এছাড়া দুই দিনের অন্যান্য পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি এমপি। গতকাল বৃহস্পতিবার বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস শিক্ষাবোর্ড মিলনায়তনে সাংবাদ সম্মেলন করে এসব বিষয় সাংবাদিকদের অবহিত করেন। দু’দিনব্যাপী উত্সবে বোর্ডের অধিভূক্ত ৬ জেলার এক হাজার ৮৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০৬টি কলেজের প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত থাকবেন। উত্সবে বোর্ড ও বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন মুক্তিযোদ্ধা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা জানানো হবে। এছাড়া সমাপনী দিনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-শোভাযাত্রা, ডিসপ্লে, আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব প্রফেসর মো. অলিউর রহমান, উত্সব উদযাপন পরিষদের সদস্য সচিব ড. মো. নিজামুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ, অধ্যক্ষ আমির আলী চৌধুরী, শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক সৈয়দ মকবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন
