আনন্দ-বেদনার নিলাম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
সবচেয়ে দামি বিপিএলের নিলামে বিদেশি খেলোয়াড়রা এসে বাজিমাত করে যাবেন—এটাই কল্পনা করেছিলেন সবাই। কিন্তু সবার কল্পনাকে ছাড়িয়ে যাওয়াই যেন সাকিব আল হাসানের কাজ। বিশ্বসেরা এই অলরাউন্ডার নিলামে সবাইকে হারিয়ে দিলেন বিশাল ব্যবধানে। নিলামে দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ, ২ লাখ ১৩ হাজার মার্কিন ডলার দিয়ে তাকে কিনে নিল ঢাকা গ্লাডিয়েটর্স। উত্তেজনা স্বাভাবিকভাবেই সবচেয়ে উত্তেজনা তৈরি হয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে। নিলামের সাতটি দলের মধ্যে ছয়টি দলের মালিকরাই সাকিবের ফ্লোর প্রাইসের সর্বোচ্চ দর হেকে বসেন। ফলে বিরলভাবে ‘সিক্স ওয়ে টাই’ হয়ে যায়। পরে গোপন খামে নিষ্পত্তি হয় সাকিবের। কাছাকাছি উত্তেজনা হয়েছে শহীদ আফ্রিদিকে নিয়ে। তাকে নিয়ে তিনটি দল শেষ পর্যন্ত ছিল রশি টানাটানিতে। চমক এবারের নিলামে চমক বলা যায় সোহাগ গাজীকে। ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগেও তেমন বড় পারফরমার ছিলেন না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটে অভিষেক সিরিজে দুরন্ত পারফরম করার পর তিনিও দারুণ তারকা। শেষ পর্যন্ত সোহাগকে ১ লাখ ৩৬ হাজার ডলার দিয়ে কিনেছে সিলেট। একইরকম এই সদ্য অভিষিক্ত এনামুল হক, মোমিনুল ইসলাম ও আবুল হোসেনও পেয়েছেন এক লাখের ওপরে দর। হতাশা শাহাদাত হোসেন রাজীব যে টি-টোয়েন্টি ফরম্যাটে খুব আকর্ষণীয় খেলোয়াড় না; সেটা আর বলে দিতে হয় না। তারপরও তার জন্য হতাশার ছিল নিলামটা। জাতীয় দল তারকাদের মধ্যে একমাত্র তাকে নিয়েই কোনো টানাটানি হয়নি। বেসপ্রাইস ২০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে খুলনা। শাহরিয়ার নাফীসকেও খুলনা পেয়ে গেছে মাত্র ১০ হাজার ডলার দাম বাড়িয়ে। অবিক্রিত শিবনারায়ণ চন্দরপলের নাম মাথায় এলেই টেস্টে ধীরগতির ইনিংসের কথা মাথায় আসে। কিন্তু ক্যারিবীয় টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুর দিকে বেশ ঝড় তুলতেন তিনি। তারপরও চন্দরপলকে নিয়ে কারো কোনো আগ্রহ নেই। এই ব্যাটিং কিংবদন্তী অবিক্রিত থেকে গেলেন। বিক্রি হননি শন টেইট, নীল ও ব্রায়েনের মতো তারকাও। অনেকদিন পর আবার আলোচনায় আসা রিকার্ডো পাওয়েলকেও কেনেনি কোনো দল।