‘হরিষে বিষাদ’ বলবেন একে? একদিকে বার্সেলোনার শত শত আনন্দের উপলক্ষ; আরেক দিকে টিটো ভিলানোভার অসুস্থতায় শোকস্তব্ধ হয়ে যাওয়া! এর মধ্যেই আবার বার্সেলোনা সমর্থকদের মিশ্র অনুভূতি তৈরি করে দিয়েছে আরেকটি খবর—টিটোর এই অসুস্থতায় সাময়িকভাবে ক্লাবের হাল ধরতে আবার ফিরে আসতে পারেন বার্সেলোনার কিংবদন্তী, মাত্র এ বছরই সাবেক হয়ে যাওয়া কোচ পেপ গার্দিওলা।
টিটোর অনুপস্থিতিটা আপাতত ছয় সপ্তাহের জন্য। তবে ভেতরের খবর বলছে, এটা মৌসুমের বাকি পুরোটা সময়ের জন্যও হতে পারে। একটা সুবিধা হল, আজই সপ্তাহান্তের লিগ ম্যাচের পর লম্বা একটা বিরতি আছে লা লিগায়। তারপরও এখন বার্সেলোনা ম্যানেজমেন্টের সামনে বড় প্রশ্ন হল—উচ্চ চাপসম্পন্ন এই ক্লাবটির দায়িত্ব আসলে কে সামলাবে।
আজকের ম্যাচের জন্য দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে জর্ডি রৌরাকে। ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রে রোসেল বলেছেন, ‘রৌরাই দায়িত্ব সামলাবে। আর ছেলেরা নিজেদের টানেই ভালো খেলবে। তারা জানে, তাদের কোচ টিভিতে খেলা দেখবে। টিটো জয়ই চাইবে। আর ছেলেরা সেটাই উপহার দেবে নিশ্চয়ই।’
সেটা না হয় আপাতত হল। বাকি মৌসুম কী হবে? এ ক্ষেত্রে আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, টিটো এই এক মৌসুমের জন্যই বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন। তার চিকিত্সকরা এবার অসুস্থ হওয়ার আগেই বলেছেন, এক মৌসুমের বেশি তিনি মাঠে থাকতে পারবেন না। তাহলে বার্সেলোনাকে কে সামলাবেন দীর্ঘমেয়াদে। স্প্যানিশ মিডিয়ায় যথারীতি এ বিষয়ে অনুমানের পর্ব শুরু হয়ে গেছে।
এই অনুমানের তালিকায় শুরুতেই আসলে লুইস এনরিকের নাম। গার্দিওলা-টিটোর এই সাবেক সতীর্থ, বার্সা রিজার্ভ দলের সাবেক কোচ, অ্যাকাডেমির সাবেক ছাত্র ও শিক্ষক এনরিকের নাম গার্দিওলার বিদায়ের পরও এসেছিল।
এ ছাড়া কেউ কেউ আর্সেন ওয়েঙ্গারের কথা বলছেন। তবে বার্সেলোনার ঐতিহ্য অনুযায়ী সেটা বেশ অসম্ভব কল্পনা। এর বাইরে ঘুরে ফিরে যার নাম আসছে, তিনি সেই গার্দিওলা।
বর্তমান বার্সেলোনার রূপকার গার্দিওলা এ মৌসুমের আগেই দল ছেড়ে ফুটবল থেকে দূরে আছেন। সমপ্রতি তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন সফরে। সেখানে লোকে বলছে, চেলসি ও আর্সেনালের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে তার। ইংল্যান্ড থেকে নিউইয়র্কে আসার পর গার্দিওলা নাকি হঠাত্ই উড়ে এসেছেন স্পেনে।
এখন সেটা নিজের কাজে, টিটোকে দেখতে, নাকি বার্সার ডাকে; বলা মুশকিল।
তবে কিছু স্প্যানিশ পত্রিকার খবর, বার্সার কর্মকর্তারা নাকি এসওএস দিয়ে ডেকে এনেছেন গার্দিওলাকে। আর বার্সার এমন ডাক অগ্রাহ্য করার ক্ষমতা তো গার্দিওলার নেই।
তাহলে আবার সিংহাসনে বসছেন সেই পেপ!
