চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে খলিলুর রহমানকে (২৫) মাঝদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার পাশ থেকে ধরে নিয়ে যায়। সে পার্শ্ববর্তী হরিহরনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
আটক খলিলুর রহমান ভারত থেকে চোরাপথে গরু আনে বলে এলাকাবাসী জানিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মেদিনীপুর বিওপির কমান্ডার হাবিলদার মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।
লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, হিলি সীমান্তের অপর প্রান্তে একজন বাংলাদেশি নাগরিকের লাশ পাওয়া গেছে। বিজিবি এবং বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ শনাক্ত করা হয়।
দিনাজপুর বিজিবি সেক্টরের স্টাফ কর্মকর্তা মেজর সফিকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলার বিজিবি মংলা বিওপি ক্যাম্পের অপর প্রান্তে ভারতের ৯৬ বিএসএফ’র আইতর ক্যাম্প কমান্ডার বিজিবিকে জানান, তাদের সীমানায় একজন বাংলাদেশি নাগরিকের লাশ পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিজিবি এবং বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন ভারত সীমানায় গিয়ে লাশ শনাক্ত করে। মৃত ব্যক্তি হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের সফির উদ্দীনের পুত্র দেলোয়ার হোসেন (৩৮)। বিএসএফ জানায়, মৃত ব্যক্তি অধিক মদ্যপান করা অবস্থায় ভারত সীমানায় মেলা দেখতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে শীতে মারা গেছে। গতকাল সন্ধ্যায় লাশ বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ।
