বছরের সবসময় ফলন হয় বলে আমের নামই হয়ে গেছে ‘বারমাসি আম’। এই আম পাকলে হলুদ রংয়ের হয়, খেতেও খুব সুস্বাদু। কলম থেকে হয় এর গাছ। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে ৪/৫ মণ আম পাওয়া সম্ভব। এই আম গাছের প্রধান বৈশিষ্ট্য হলো, একই সময়ে এক ডালে আম পাকে আর অন্য ডালে আসে মুকুল।
ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজের বাগানবাড়িতে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলাই চন্দ্র দাস বারমাসি জাতের আমের চাষ করছেন। বাণিজ্যিকভাবে এ আমের চাষ করা গেলে দেশে আমের ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব বলে তিনি মনে করেন।
বলাই চন্দ্র দাস জানান, ২০০০ সালে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তত্কালীন মহা-পরিচালক এনামুল হকের কাছ থেকে এই আম গাছের কলম সংগ্রহ করে তিনি বাসায় লাগান। ২০০৬ সালে তার গাছে প্রথম আম ধরে। গত এক বছর ধরে প্রতি মাসেই আম ধরছে। এ পর্যন্ত তিনি এ গাছ থেকে ৫ বার আম সংগ্রহ করেছেন। একেকটি আমের ওজন ৩শ’ থেকে ৫শ’ গ্রাম পর্যন্ত হয় বলে তিনি জানান। স্থানীয় সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি এই আম গাছ মাঠে সমপ্রসারণের জন্য। এর মধ্যে কিছু চারা লাগানো হয়েছে। এগুলো পরিচর্যা করতে পারলে সারা বছরই আম পাওয়া যাবে।
