পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার অন্যতম দুই আসামি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া ও সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জমানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। দুই আসামির পক্ষে অ্যাডভোকেট রুমিন ফারহানা বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন।
এ প্রসঙ্গে অবকাশকালীন বেঞ্চের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট কেএম জাহিদ সারোয়ার কাজল সাংবাদিকদের বলেন, ‘আমরা আসামিপক্ষের জামিন আবেদনের অনুলিপি পেয়েছি। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আসামির আইনজীবীরা আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেননি।
পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার বনানী থানায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
