আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজনীতির ময়দানে হরতাল একটি ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে। হরতালকে না মানার যে প্রবণতা জনগণের মধ্যে দেখা দিয়েছে—তাতে করে যারা হরতাল দিচ্ছে তারা তা থেকে পিছপা হতে বাধ্য হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে সমমনা কয়েকটি ইসলামী দলের ডাকা হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, হরতালকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা আমাদের নেই, এটি একটি গণতান্ত্রিক অধিকার। তবে হরতালের নামে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সরকার হার্ডলাইনে যাবে। তিনি আরো বলেন, জামায়াত একটি ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তি। জনগণই ক্রমান্বয়ে জামায়াতকে নিষিদ্ধ করবে।
অন্যান্য দিনের হরতালের মতো আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকে মহানগর নেতারা অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান সিরাজ, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগ নেতা এম,এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, হাজী মো. সেলিম, শাহে আলম মুরাদ প্রমুখ।
