সাসপেন্ড বিচারক জাভেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:২২
ফেনসিডিলের মামলায় ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ (সাময়িক বরখাস্ত) জাবেদ ইমামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে গতকাল বৃহস্পতিবার এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। অভিযোগপত্রে বলা হয়েছে, যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন জাভেদ ইমাম। রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে গত ১ ডিসেম্বর ফেনসিডিলসহ তাকে পুলিশ আটক করে। আটকের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। খবরে জাবেদের ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন বলে উল্লেখ আছে। বিচারক জাভেদ ইমামকে গত ২ ডিসেম্বর গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয় আদালত। এ ঘটনায় আদালত গত ৬ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারসহ (রমনা) নিউমার্কেট থানার চার পুলিশ কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে কর্মস্থলে বদলির আদেশ দেয়। এমনকি ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আদালত। তবে নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করে দেয় হাইকোর্ট। বিচারক জাভেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় হাইকোর্ট থেকে রুলিং দেয়া হয়েছে- আটক কোনও ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা যাবে না।