ইভিএম :ভোট সম্পন্ন হতেই গণনা শেষ হওয়ার চমক!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২২:২৯
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ভোট কেন্দ্রে যখন ব্যালট বাক্স খুলে ব্যালট পেপার যাচাই-বাছাই চলছিল ঠিক সেই মুহূর্তে মাত্র ১ ঘন্টার মধ্যে ১১নং ওয়ার্ডের ৪টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম’র মাধ্যমে ভোট গণনা শেষ করে চমক দেখিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা। এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার মহানগরীর রাজেন্দ্রপুর ইউনিয়নে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে যখন রংপুরের একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী আপত্তি জানিয়েছিল তখন নির্বাচন কমিশন ভোট গ্রহণের মাত্র ৫দিন আগে ইভিএম সম্পর্কে ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়। ফলে এই ব্যবস্থার সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত গতকাল ওই সকল কেন্দ্রে প্রায় ৮০ ভাগের উপর ভোটার ভোট দিয়ে এর সফলতা প্রমাণ করেছে। এদিকে এর আগে ইভিএম ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা ও মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা ও নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফারুখ আজীজ শাহীন। রাজেন্দ্রপুর এলাকার বিদুত্, রঞ্জন, হেমন্তি, বিনোদ, মহুবার, ফয়সাল আহমেদসহ অনেক ভোটার গতকাল ভোট দিয়ে বলেছে, আমরা আগে ভুল বুঝেছি। এখন বুঝতে পারছি, এই পদ্ধতি অত্যন্ত সহজ এবং ভোট প্রদান ও গণনা ত্বরিত গতিতে সম্পন্ন হয়েছে। আমাদেরকে ফলাফলের জন্য সারারাত অপেক্ষা করতে হয়নি।