উত্সব আমেজে রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও অনেক ভোটার সকাল ৭টার আগেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়। তবে সকালে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথমবারের মতো ৪টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা।
ভোটারদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম ইত্তেফাককে বলেন, নির্বাচনে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রের বাইরে (মহিন্দ্রফতা) ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়া সকাল থেকে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
অনেক শঙ্কা-আশঙ্কা সত্ত্বেও পুলিশের সতর্ক নজরদারির কারণে ভোট পূর্ববর্তী বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নতুন সিটি করপোরেশনের নাগরিক ও ভোটার হওয়ার আনন্দে মানুষ ভোট কেন্দ্রে গেছে। যাদের ভোট হয়নি তারাও ভোট কেন্দ্রে ভোটগ্রহণ দেখতে আসে। পার্বতীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীরহাট স্কুল এন্ড কলেজ, হাজী তমিজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, উত্তর মূলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডার্ন ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরামতীয়া উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। মাহিগঞ্জ ডিগ্রি কলেজ, আশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিন্দ্রফতা ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
বিদ্যুিবহীন কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্বঃ বিদ্যুত্ সংযোগ না থাকায় রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করতে বিলম্ব হয়েছে। ঘন কুশায়ার কারণে এই বিলম্ব হয়। পরে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ শুরু হয়। রংপুরের মোট ৭০টি ভোট কেন্দ্রে বিদ্যুত্ সংযোগ নেই। ভোটারদের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছা করলে সময়মতো ভোট গ্রহণ করতে পারতো। নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা পর্যন্ত মোমবাতি সরবরাহ করা হয়নি। ভোটার আহমেদ আলী জানান, সকালে এসে তারা ভোট দিতে পারেননি। পরে মোমবাতি জ্বালালে তারা ভোট দেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, মোমবাতি সরবরাহের পর দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম জানান, যে সকল ভোট কেন্দ্রে আলোক স্বল্পতা রয়েছে, সেগুলোতে মোমবাতি সরবরাহ করা হয়েছে।
৩৩ কেন্দ্রের ৪টিতে ইভিএমঃ নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও একটিমাত্র ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এ পদ্ধতিতে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিটি এলাকার রাজেন্দ্রপুর, কামদেবপুর, বিন্যাটারী এলাকা নিয়ে গঠিত ১১ নম্বর ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে-রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীরহাট স্কুল এন্ড কলেজ ও কেরানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রসঙ্গত, এবারই প্রথম নির্বাচন কমিশনের নিজস্ব জনবলের মাধ্যমে ইভিএম ব্যবহার করা হয়েছে। এবারের এই ইভিএমে দেশীয় ব্যাটারি ব্যবহার করা হয়। ইভিএম নিয়ে কর্মকর্তারা শংকিত থাকলেও অবশেষে এর সফলতা মিলেছে।
