বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না । সরকার এখন আর পদ্মা সেতু চায় না। সেজন্য বিশ্ব ব্যাংক যাদের হাতে-নাতে ধরেছে তাদের বাদ দিয়ে মামলা করেছে। পদ্মা সেতু বানানো নয়, বরং ২৪ হাজার কোটি টাকার ১০ পারসেন্ট ঘুষ খাওয়াই সরকারের উদ্দেশ্য ছিল। সরকার এখন ঘুষ খেতে পারছে না। তাই তারা চাচ্ছে না আর বিশ্ব ব্যাংক থাকুক। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত মির্জা ফখরুল এবং মাহমুদুর রহমান সরকারের টার্গেট কেন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র আর বিশ্বজিেক হত্যাকারীরা নাকি যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এই সত্য কথাটির জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, শত অত্যাচার-নির্যাতন, মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতার, সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। মওদুদ বলেন, একদলীয় একটা নির্বাচনের চেয়ে বিরোধী দলের আসনে বসা তাদের জন্য উত্তম হবে। ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
