রাঙামাটির লংগদু উপজেলার কাটতলী ইউনিয়নের মধ্য হারিকাবা এলাকায় অস্ত্রধারীদের গুলিতে পার্বত্য চুক্তির বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২ সদস্য নিহত ও অপর ১ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা এ ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা জানান, বৃহস্পতিবার লংগদু উপজেলার কাটতলী ইউনিয়নের মধ্য হারিকাবা এলাকায় ইউপিডিএফের একদল সদস্য মিটিং করছিলেন। মিটিং শেষে তারা একটি ইঞ্জিন চালিত বোটে উঠার সময় অস্ত্রধারীরা অতর্কিত ব্রাশ ফায়ার করে। এতে ইউপিডিএফের দুই সদস্য বিদ্যা রঞ্জন চাকমা (৪০) ও নবায়ন চাকমা (২৪) গুলিবিদ্ধ হয়ে কাপ্তাই হ্রদে পড়ে যান এবং সুগত চাকমা (৪২) নামের অপর এক সদস্য গুলিবিদ্ধ হন। হ্রদের পানিতে তলিয়ে যাওয়ায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা যায়নি বলে জানান মাইকেল চাকমা।
এদিকে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এলাকার লোকজন কয়েক রাউন্ড গুলির শব্দের কথা তাকে জানালেও নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এবং পুলিশের কোন ক্যাম্প না থাকায় ঘটনার ব্যাপারে নিশ্চিত হতে সময় লাগবে।
