বগুড়া শহর যুবলীগের নেতা শামীম আহম্মেদ বুশকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে শহরতলীর ফুলতলা কানপাড়ায় তাকে হত্যা করা হয়। নিহত বুশ (২৪) শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ২ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, কানপাড়া মসজিদের কাছে বুশের নির্মণাধীন বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় বুশ তার বাড়ির কাজের তদারকি করছিলেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ রাত ৯টার দিকে সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানায়, জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক আমিনুর রহমান শাহীনকে গত বছরের ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলায় অন্যতম আসামি ছিলো বুশ। সম্প্রতি র্যাব সদস্যরা মাদকসহ বুশকে গ্রেফতার করেছিলো। এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে তার সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের দ্বন্দ্ব ছিলো। এরই মাঝে গত বুধবার রাতে ফুলতলা কানপাড়ায় তার নির্মাণাধীন বাড়ির ভেতরে খুন হন বুশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, নিহত বুশের বিরুদ্ধে শাহীন হত্যাসহ ৫টি মামলা বিচারাধীন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার জাবেদ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০) ও মৃত মোসলেম উদ্দিন আকন্দের ছেলে আবদুল কাদের আকন্দকে (৬০) আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
