গল্প নয় সত্যি

গুজব ছড়ানোর অভিযোগে!

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:১৫
সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে প্রায়শই নানা বিষয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এগুলোর কোনো কোনোটি যেমন শেষ পর্যন্ত হাসি-ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায় আবার কোনো কোনো গুজবে কান দেওয়ার কারণে নানা ধরনের ক্ষতির সম্মুখীনও হতে হয় সাধারণ মানুষকে। আর মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো এমনই এক গুজবের কথা প্রচার করার কারণে সমপ্রতি চীনের ৯৩ জন ব্যক্তিকে সাজা দিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশের স্থানীয় সরকার। এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা গেল কিছুদিন থেকেই সাধারণ মানুষকে মায়া সভ্যতার কথিত প্রলয়ের কথা বলে ভয় দেখিয়ে আসছিলেন। ‘অলমাইটি গড’ নামের একটি ধর্মীয় গোষ্ঠীর নামে এ বিষয়ে বিলি করা একটি প্রচারপত্রে বলা হচ্ছিল যে ডিসেম্বরের ২১ তারিখে মায়াদের কথিত পৃথিবী ধ্বংসের দিনে সূর্যের আলো নিভে যাবে। এমনকি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থাও। এ ছাড়া প্রচারপত্রে মানুষের অসুবিধা হতে পারে এমন আরও কিছু আশঙ্কার কথাও বলা ছিল যা সাধারণ মানুষকে কিছুটা হলেও বিচলিত করে তোলে। এ ছাড়া এই সংগঠনটির বিরূদ্ধে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরূদ্ধে অসহযোগের ডাক দেওয়ার অভিযোগও রয়েছে। যদিও যেসব প্রদেশে এ ধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরই অন্যতম কিংহাই প্রদেশের জন-নিরাপত্তা বিষয়ক ব্যুরো থেকে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের বিপক্ষে কথা বলার কারণে নয়, বরং সাধারণ মানুষের সামাজিক জীবন বিপর্যস্ত করা এবং তাদের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগেই ‘অলমাইটি গড’ নামের এই বিশেষ গোষ্ঠীর কয়েকজন সদস্যের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে একই অভিযোগে হেনান প্রদেশে গ্রেপ্তার হওয়া মিন ইয়ংজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে গুজব ছড়ানোর পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জন শিশু ও একজন বয়স্ক ব্যক্তিকে আঘাত করা ও তাদের স্কুল ছাড়তে বলপ্রয়োগের অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে এই এলাকার পুলিশ প্রশাসনের এক বিবৃতিতে সবাইকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধের পাশাপাশি এ সংক্রান্ত গুজব যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেওয়া হয়েছে।