বিভিন্ন উত্সব কিংবা আয়োজনের অংশ হিসেবে আকাশে ফানুস ওড়ানোর চল আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশেই রয়েছে। আর আকাশে ফানুস ওড়ানোর এই আয়োজনের মাধ্যমেই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মেক্সিকো সরকারের পরিবার কল্যাণ বিষয়ক প্রতিষ্ঠান ‘সিস্টেমা এস্টেটাল ডিআইএফ পুয়েবলা’ ও সিনিয়া নামের একটি কর্ম প্রশিক্ষণ সংস্থার যৌথ আয়োজন। এই আয়োজনে মাত্র দেড় ঘণ্টা সময়ের মধ্যে ৩০০০ স্বেচ্ছাসেবীর সহায়তায় আকাশে ওড়ানো হয় প্রায় ১৬,০০০ ফানুস যা একসাথে সবচেয়ে বেশি ফানুস ওড়ানোর নতুন রেকর্ড। এর মধ্যে আয়োজনের প্রথম মিনিটেই একসাথে আকাশে ওড়ে ১৫২০টি ফানুস। উল্লেখ্য, বিভিন্ন সামাজিক সচেতনতার অংশ হিসেবে আকাশে ওড়ানো এই ফানুসগুলোর সবগুলোই গত নয় মাস সময় নিয়ে তৈরি করেন সিনিয়ার প্রশিক্ষণ পাওয়া একদল শারীরিক প্রতিবন্ধী মানুষ।
