পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার প্রায় ৫শ’ একর খাসজমি দখলের দু’দশক পূর্তি উপলক্ষে সমপ্রতি বিলের খাসজমিতে দিনব্যাপী ভূমিহীন নারী-পুরুষ সমন্বয়ে উত্সব ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিলপাড়ের ১৪টি গ্রামের শত শত ভূমিহীন নারী-পুরুষ এ দিন সকালে তীর-ফালা, কোঁচ, লাঠি নিয়ে মহড়া দিয়ে বিলে সমবেত হয়। ভূমিহীনদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা ও শিক্ষক কে এম আতাউর রহমান রানার সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় বিল মহড়া। মহড়া শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় অংশ নেয় ৬টি লাঠিয়াল দল। প্রতিটি দলই ভূমিহীনদের নিজের গড়া। লাঠি খেলায় নেতৃত্ব দেন ভূমিহীন নেতা আনোয়ার হোসেন, বাহের আলী, তৈয়ব আলী, গাজীউর রহমান, হাসান আলী ও সামির আলী। এরপর একে এক অনুষ্ঠিত হয় তীর নিক্ষেপ, বল্লম নিক্ষেপ ও বর্শা নিক্ষেপ প্রতিযোগিতা। ভূমিহীন নারী ও পুরুষ পৃথক পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশ নেন। বিল দখলের এই উত্সবের মাঝেই ভূমিহীন কৃষকদের জন্য আয়োজন করা হয় ‘আধুনিক চাষাবাদের কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণের। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান ও মোঃ রবিউল করিম এই প্রশিক্ষণ প্রদান করেন। উত্সবে ব্যতিক্রমধর্মী পরিবেশনা ছিল বিলপাড়ের লাউতিয়া গ্রামের ভূমিহীনদের পরিবেশনায় পথনাটক ‘বিলকুড়ালিয়ার নেতৃত্ব পরিবর্তন’। এতে ভূমিহীন পরিবারের সদস্যরাই অংশ নেন। খাসজমি দখলের দুই দশক পূর্তিতে ভূমিহীন নেত্রী মোছাঃ চম্পা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। ভূমিহীন নারী-পুরূষের এই সমাবেশে বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক শামীম হাসান মিলন, ভূমিহীন নেত্রী রাশেদা বেগম, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন, গাজীউর রহমান, হাসান আলী, নুরে আলম মঞ্জু প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বিলকুড়ালিয়ার খাসজমি সংগঠিত ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্তের জোর দাবি জানান। সমাবেশ শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করে রোজিনা খাতুন, দেলোয়ারা খাতুনসহ ভূমিহীন নারী-পুরুষ। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিলপাড়ের ১৪টি গ্রামের সাধারণ মানুষ উপস্থিত থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। প্রসঙ্গতঃ ১৯৯২ সালের এই দিনে বিলকুড়ালিয়ার প্রায় ৫শ’ একর খাসজমি বিলপাড়ের ১৪টি গ্রামের সংগঠিত ভূমিহীনরা কথিত কবুলিয়াতি ও জোতদারদের কবল হতে দখল করে নেয়। জোতদার-কবুলিয়াতিদের হামলা-মামলা মোকাবেলা করে ভূমিহীনরা বিলের খাসজমি দখলে রেখে চাষাবাদ করে সংসারের অভাব দূর করেছেন। খাসজমি দখলের এ দিনকে ভূমিহীনরা ‘বিলকুড়ালিয়া মুক্ত দিবস’ হিসেবে উদযাপন করছে। বেসরকারি সংগঠন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) ভূমিহীনদের এই উত্সব আয়োজনে সহায়তা করে। বিলকুড়ালিয়ার প্রায় ৩৭১ একর খাসজমি প্রায় ১ হাজার ৫শত ভূমিহীন নারী-পুরুষ সরকারের কাছ থেকে একসনা লীজ নিয়ে গত দু’দশক যাবত্ চাষাবাদ করছে।
