গৃহকর্মে নিয়োজিত শিশুদের উপর নির্যাতন প্রতিরোধের দাবি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২০
কুড়িগ্রামে গৃহকর্মে নিয়োজিত শিশুদের উপর নির্যাতন প্রতিরোধ এবং অনিরাপদ অভিবাসন কমিয়ে আনার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার সলিডারিটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরসভা ও সদর ইউনিয়নের জনপ্রতিনিধিরা এবং গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। সলিডারিটি-চাইল্ড ডমেস্টিক ওয়ার্কার প্রটেকশন প্রজেক্টের আয়োজনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং আইন ও শালিস কেন্দ্রের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান উমর ফারুক, ঘোগাদহের মোঃ আব্দুল মালেক, ভোগডাঙ্গার ছাইদুর রহমান, বেলগাছার মাহবুবুর রহমান, কাউন্সিলর তোতা মিয়া, সফিকুল ইসলাম রুকু, প্রেসক্লাবের সম্পাদক আহসান হাবীব নীলু, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, ফজলে ইলাহী স্বপন, রেজাউল করিম রেজা প্রমুখ। মতবিনিময়ে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফ এক জরিপে বাংলাদেশে ৬ থেকে ১৭ বছর বয়সের ৪ লাখ শিশু গৃহকর্মে নিয়োজিত। যার মধ্যে ঢাকা শহরে ১ লাখ ৩২ হাজার শিশু রয়েছে। অথচ বিভিন্ন এনজিও মিলে মাত্র ১০ হাজার শিশুর সাথে কাজ চলমান রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গৃহকর্মে নিয়োজিত শিশুদের জন্য কোন সুনির্দিষ্ট আইন নেই, নেই কোন নীতিমালা। ফলে বিভিন্নভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে। ইউনিয়ন পরিষদে ৯টি স্ট্যান্ডিং কমিটি থাকলেও এই শিশুদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা বা আর্থিক বাজেট নেই।