ভূমি নীতি সংশোধন বা উন্নয়নের দাবিতে গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে গত সোমবার সকালে গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১১টায় গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য সচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বেসরকারি উন্নয়ন সংগঠন স্পিড ট্রাস্ট এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউএসএআইডির আর্থিক সহায়তায় গণমানুষের মৌলিক অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির জন্য ‘‘প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশন্স এ্যান্ড প্র্যাকটিসেস্-প্রদীপ” প্রকল্প মার্চ ২০১২ থেকে বরিশাল জেলার ৬টি উপজেলায় (বরিশাল সদর, বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া) পাবলিক পলিসি ফোরামের (পিপিএফ) সদস্য এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ‘প্রদীপ’ প্রকল্প নাগরিক সমাজ সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য বেসরকারি সক্রিয়জন /স্টেকহোল্ডারদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সাহায্য করছে। এই প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ আইনপ্রণয়ন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং সংসদকে আরো বেশি কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে সাহায্য করবে। এই উদ্দেশ্য বাস্তবায়নের একটি কৌশল হচ্ছে, স্থানীয় নাগরিকদের সমন্বয়ে উপজেলা পাবলিক পলিসি ফোরাম গঠন। পাবলিক পলিসি ফোরাম একটি ‘নাগরিক ফোরাম/উদ্যোগ’ যা নীতি নির্ধারণ বিষয়ে নাগরিকদের সচেতনতা তৈরি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে নাগরিকদের চাহিদা বাস্তবায়নে আরো সক্রিয় করতে জনগণকে সাথে নিয়ে কাজ করার একটি প্রক্রিয়া। এই নাগরিক উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, সরকারি সেবার মান কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সে বিষয়ে স্টেকহোল্ডার ও বিশেষজ্ঞদের চিন্তা-ভাবনা ও প্রস্তাবসমূহ সংসদকে জানানো। এরফলে নাগরিকদের দাবি-দাওয়ার প্রতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাড়া দেয়ার ক্ষেত্রে নাগরিক উদ্যোগ একটি কার্যকরি হাতিয়ার হিসাবে কাজ করবে। এ ফোরাম স্থানীয় সাধারণ নাগরিক এবং তাদের এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের সাথে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ইস্যুতে মুক্ত আলোচনার সুযোগ করে দিবে। এছাড়া ভূমি নীতি সংশোধন বা উন্নয়নের দাবিতে সক্ষম কন্যাসন্তানসহ বিধবা নারীদের খাসজমিতে অধিকার নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে নীতিমালা পরিবর্তন করা জরুরি।
