লাকসাম-মনোহরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫১
খানাখন্দে ভরা কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ০৯ নির্বাচনী এলাকায় (সাবেক কুমিল্লা-১০) লাকসাম-মনোহরগঞ্জে যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটির বেহাল দশার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে ২ উপজেলার প্রায় ৪ লক্ষাধিক মানুষ। সড়কের এহেন অবস্থায় গত ৯ মাস ধরে মনোহরগঞ্জ-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘ ১২ কিলোমিটার এ সড়কের হাটিরপাড়, গোয়ালিয়ারা, খানাতুয়া, আশিরপাড়, গাজীরপাড়, গোবিন্দপুর, মোহাম্মদপুর ও গাজীমুড়াসহ অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত জোট সরকারের আমলে ২ কোটি ৮ লক্ষ ৩১ হাজার টাকা ও বর্তমান সরকারের ২০০৮-০৯ অর্থবছরে ১ কোটি ১৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে সড়কটি মেরামত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মেরামত কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় কাজ শেষ হওয়ার ২ মাস পরেই সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া সড়কটির অধিকাংশ স্থানে দু’পাশে পুকুর ও খাল থাকায় এবং গর্তগুলোতে বর্ষাকালে পানি জমে বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। সড়কটির আশিরপাড়, গাজীরপাড়, গোবিন্দপুর ও আমিনপুর নামক স্থানে কিছু অংশ দেবে যাওয়ায় প্রতিনিয়ত যানবাহন পার হয় ঝুঁকি নিয়ে। পুরো সড়কটির অবস্থা এমন হয়েছে যে, যানবাহন চলা তো দূরের কথা সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। প্রতিদিন ওই সড়কে চলাচলকারী, রিকশা, সিএনজি, অটোরিক্সা, টেম্পো, পিক-আপ ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।