রাজশাহীর কলেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫১
রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানায়, গত ৯ ডিসেম্বর থেকে কলেজে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে কোচিং ফি বাবদ অতিরিক্ত ২ হাজার টাকা করে পরিশোধে বাধ্য করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর কর্মীদের নিকট থেকে অতিরিক্ত ২ হাজার টাকা করে নেয়া হয়নি। তারা দলীয় পরিচয় দিয়ে অথবা নেতাকর্মীদের মাধ্যমে অতিরিক্ত টাকা মওকুফ করে নিচ্ছে বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ। কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ফরম পূরণের জন্য মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নিকট থেকে ১ হাজার ৬৫০ টাকা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিকট থেকে ১ হাজার ৮৫০ টাকা নেয়া হচ্ছে। এর বাইরে পরীক্ষায় ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের তিন মাস কলেজে আলাদাভাবে কোচিং করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা কোচিং করবে, কোচিং ফি বাবদ শুধু তাদের নিকট থেকে অতিরিক্ত ২ হাজার টাকা করে নেয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী কোচিং করতে অনাগ্রহ প্রকাশ করছে তাদের নিকট থেকে কোচিংয়ের টাকা নেয়া হচ্ছে না। শুধু ফরম পূরণের টাকাই নেয়া হচ্ছে।