বাউফলে সরকারিভাবে চাল না কেনায় হতাশায় কৃষক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫২
পটুয়াখালীর বাউফল উপজেলায় এ বছর এখন পর্যন্ত সরকারিভাবে আমন চাল কেনা শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখানকার হাটবাজারে আমন ধান-চালের প্রচুর আমদানি। কিন্তু দাম খুবই কম। কৃষকরা ধান বিক্রি করে উত্পাদন খরচও পায় না। বাউফল গ্রামের কৃষক সুরাত আলী জানান, গত সোমবার হাটে এক মন ধান বিক্রি করেছে ৫০০ টাকা। ওই ধান উত্পাদনে খরচ পড়েছে ৬০০ টাকা। এভাবে ধানের বাজার থাকলে আগামীতে সে ধান চাষ করবে কী না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বাউফল উপজেলাসহ পটুয়াখালী জেলায় সরকারিভাবে চাল কেনা শুরু করতে পারেন খাদ্য বিভাগ। বাউফল উপজেলা খাদ্য কর্মকর্তা অবনী মোহন দাস ইত্তেফাককে বলেন, সরকারিভাবে মিলারদের কাছ থেকে চাল কেনার চিঠি তারা এখনও পাননি। আর পেলেও এ অঞ্চলে বড় ধরনের অটোরাইচ মিল নেই, ছোট ও মাঝারি ধরনের যে সমস্ত মিলাররা আছে তারা ভাল চাল সরবরাহ করতে সরকারের সাথে চুক্তি করে না। ফলে সরকারিভাবে চাল কেনা নিয়ে তারা সংশয়ের মধ্যে আছে। একই ধরনের বক্তব্য জেলা খাদ্য কর্মকর্তারও ।