গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাচিরচর এলাকায় ব্রক্ষপুত্র নদে গত মঙ্গলবার একটি যাত্রীবাহি নৌকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির ১ লাখ ৯৩ হাজার টাকা ডাকাতরা লুট করে। এ সময় নৌকায় থাকা গাইবান্ধা সদর উপজেলার বাজে চিথুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে অপহরণ করে ডাকাতরা। অপহরণের ৩ দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত ওই শিক্ষক এবং লুট করে নিয়ে যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়নি। এমনকি রহস্যজনক কারণে পুলিশ এ ব্যাপারে মামলা নিতেও গড়িমসি করছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অপহূত শিক্ষকের পিতা ও পরিবারের লোকজন অভিযোগ করেন।
