সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০২
পাবনায় মত্স্য উন্নয়ন প্রকল্প ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ ভাঙ্গুড়ায় মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে বৃহত্তর পাবনা মত্স্য উন্নয়ন প্রকল্প ফলপ্রসূ করার লক্ষ্যে দিনব্যাপী এক সেমিনার হয়। সেমিনার উদ্বোধন করেন পাবনা- ৪ এলাকার সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ -৩ আসনের এমপি ইসাহাক হোসেন তালুকদার, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা -৩ আসনের এমপি মকবুল হোসেন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ আজ শনিবার বিপুল উত্সাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ’৭১-৭২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে ব্যাচের সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য পুনর্মিলনী উদ্যাপন কমিটি আহবান জানিয়েছেন। নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ নির্বাচন সম্পন্ন লালপুর (নাটোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচনে খন্দকার শহিদুল ইসলাম সভাপতি এবং আব্দুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নর্থ বেঙ্গল সুগার মিল ও মিলের কৃষি খামারের মোট ১৫শ’ ৯৬ জন শ্রমিক -কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কাহালুতে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক কর্মশালা কাহালু (বগুড়া) সংবাদদাতা \ বৃহস্পতিবার বগুড়া কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে স্থানীয় সরকারকে শক্তিশালী করণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক ১ দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। বরগুনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সমকাল ও বিডিনিউজের বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং এটিএন বাংলা ও জনকণ্ঠের প্রতিনিধি এডভোকেট গোলাম মোস্তফা কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কাঠালিয়ায় জাতীয় বিদ্যুত্ ক্যাম্প কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলা স্কাউটস এর উদ্যোগে ৩ দিনব্যাপী জাতীয় বিদ্যুত্ ক্যাম্প তাঁবু জলসার সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার কাঠালিয়া সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব মোঃ তরুণ সিকদার। বোচাগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন কল্পে একসভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিতে মোঃ ফিরোজ্জামানকে আহ্বায়ক, মোঃ রেজানুল হক রেজু ও মোঃ খোরশেদ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন করা হয়। বীরগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া জাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী। নড়িয়ায় কৃষি বনায়ন কর্মশালা নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যোগে বৃহস্পতিবার নুসা হলরুমে খাস জমি বনায়ন ও কৃষি বিষয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা মাস্টার দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফয়জুল বারী। তাড়াইলে খেলাফত মজলিসের কমিটি গঠন তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইলে বৃহস্পতিবার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা সাচাইল বালিগাতি মসজিদে অনুষ্ঠিত হয়। মাওলানা হেলাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। সাতক্ষীরায় প্রকাশনা সমিতির মানববন্ধন সাতক্ষীরা প্রতিনিধি \ বই প্রকাশে খসড়া আইন সংশোধনের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতি। মানববন্ধন কর্মসূচিতে জেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। বোচাগঞ্জে স্কাউটের ক্যাম্প বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্কাউট এর উদ্যোগে চার দিনব্যাপী জাতীয় বিদ্যুত্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্কাউটের সদস্যদের মাধ্যমে গণমানুষের মাঝে বিদ্যুত্ সাশ্রয়ী হওয়ার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত্ বিভাগের সহায়তায় স্থানীয় উপজেলা পরিষদের অর্থায়নে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আদমদীঘিতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘি সান্তাহারে নিজ হেফাজতে রেখে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ শ্রী হিরাচাঁন পাল (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে টিএসআই মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হিরাচাঁন পাল ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার সুলতানগঞ্জ এলাকার শ্রী অমরচাঁন পালের পুত্র। সারিয়াকান্দিতে স্কাউটস সমাবেশ সম্পন্ন সারিয়কান্দি (বগুড়া) সংবাদদাতা \ বাংলাদেশ স্কাউটস সারিয়াকান্দি উপজেলা শাখা ও বিদ্যুত্ বিভাগের যৌথ পরিচালনায় বিদ্যুত্ সাশ্রয়ী ক্যাম্প গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। নিজাম উদ্দিন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী স্কাউটস সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান। দেবিদ্বারে বিদ্যুত্ স্পৃষ্টে যুবকের মৃত্যু চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুত্ স্পৃষ্টে কামরুল হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের আয়েত আলীর ছেলে। তিনি দেবিদ্বার বাজারের একজন ব্যবসায়ী। কাজীপুরে সেলাই মেশিন বিতরণ কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কম্বল, সোয়েটার ও পায়জামা তৈরির প্রশিক্ষণ শেষে ১৯ জন নারী প্রশিক্ষণার্থীকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়। বৃহস্পতিবার কুনকুনিয়া স্কুল মাঠে সৌহার্দ্য-২ ইএসডিও-এর বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় কিশোরী ক্লাবের উদ্যোগে রুহিয়া, গোবিন্দনগর ও আউলিয়াপুরে পৃথক পৃথকভাবে মাদক প্রতিরোধ র্যালি ও আলোচনা সভা আয়োজন করে। উলিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নানা-নানীকে দেখতে গিয়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শিশু নাহিদ (৬) এর। এ ঘটনায় শিশুটির গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার কুড়িগ্রাম-উলিপুর সড়কের চন্ডিজান নামক স্থানে। বরুড়ায় বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা বরুড়ায় ‘বাল্য বিয়ে, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরুড়া শাখার উদ্যোগে বরুড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ। চৌগাছায় পানিতে ডুবে কর্মচারীর মৃত্যু চৌগাছা সংবাদদাতা \ যশোরের চৌগাছায় পানিতে ডুবে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের এমএলএসএস আব্দুল গাফফারের (২৮) মৃত্যু হয়েছে। সে উপজেলা জগদীশপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চৌগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডা. নূর হোসেনের পুত্র। মুন্সীগঞ্জে ইলিয়াস কাঞ্চনের হত্যা চেষ্টার প্রতিবাদ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ বৃহস্পতিবার সকালে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। নড়াইলে ডায়াবেটিস কার্যক্রমের উদ্বোধন নড়াইল সংবাদদাতা \ নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের দ্বারিয়াপুরে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ ও দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। নড়াইলের শরীফ ফাউন্ডেশনের সহযোগিতায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্টের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। বানারীপাড়ায় মানবাধিকার পর্যবেক্ষণ সম্মেলন বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় মানবাধিকার পর্যবেক্ষণ দলের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানবাধিকার পর্যবেক্ষণ দল আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। নেত্রকোনা মধুমাছি মেলা নেত্রকোনা প্রতিনিধি \ শিশু সংগঠন কচিকাঁচার মেলা নেত্রকোনা মধুমাছি মেলা গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার থেকে মেলা মোক্তাপাড়াস্থ নিজস্ব কার্যালয় মধুমাছি বিদ্যানিকেতন প্রাঙ্গণে শুরু হয়েছে। হাইকোর্টের বিচারপতি কামরুল কাদের এবং মত্স্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জল বিকাশ দত্তের নেতৃত্বে বিশাল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা কার্যালয় থেকে শুরু হয়। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ শেষে মেলার কার্যালয়ে এসে শেষ হয়। সাটুরিয়ায় ইয়াবাসহ গ্রেফতার দুই সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় ১০০ পিস ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকাসহ বৃহস্পতিবার অন্যত্র সরবরাহের দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলড়া হাইওয়ে পুলিশ। নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নাসিরনগর সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ব্যবসায়ী সাইদুর রহমানের ব্যক্তিগত ব্যবস্থাপনায় কুন্ডা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতী ৩৬ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান, ৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি মোখলেছুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী। ভূঞাপুর ইব্রাহিম খাঁ কলেজে গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডি নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে শাহজাহান কবির লিটন, মোঃ আয়ুব আলী ও সাইদুল ইসলাম তালুকদার দুদু নির্বাচিত হন। মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অত্র কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র পাল। কাজীপুরের ইউএনও’র শীতবস্ত্র বিতরণ কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাফিউল ইসলাম গত রাতে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানকে সাথে নিয়ে উপজেলার মেঘাই ও মাছুয়াকান্দি ওয়াপদা বাঁধের ঝুপড়ি ঘরে বসবাসকারী সহায়-সম্বলহীন ২ শতাধিক পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। নীলফামারী তাঁতী দলের মানববন্ধন নীলফামারী প্রতিনিধি \ বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার জেলা তাঁতী দলের উদ্যোগে মানববন্ধন করা হয়। পৌর মার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু।