থানা হিসেবে নান্দাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯১২ সালের ১২ জানুয়ারি। চলতি বছর সেই নান্দাইল থানার ১০০ বছর পূর্তি হয়েছে। শতবর্ষ উপলক্ষে নান্দাইলকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শতবর্ষ পূর্তির সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ইত্তেফাককে জানান, এ উত্সবে থাকছে নান্দাইলের ইতিহাস ঐতিহ্য নিয়ে নানা আয়োজন। শতবর্ষের স্মারক হিসেবে প্রকাশিত হয়েছে একটি তথ্যবহুল স্মরণিকা। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সচিব ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশেন করবেন।
বিশাল কলেবরের এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্যে দলমত নির্বিশেষে নান্দাইলের সকল স্তরের জনসাধারণের সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও নান্দাইল আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
