সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
মুক্তাগাছা, নেত্রকোনা, সুন্দরগঞ্জ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুক্তাগাছা (ময়মনসিংহ):গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিং-ঢাকা বাইপাস সড়কে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক আটক এবং চালক আবদুল হালিমকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌরীপুরের বাসিন্দা সুমন (৩০) ও নাসরিন (২৮) মোটর সাইকেলযোগে ত্রিশালে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নেত্রকোনা:শহরের মেছুয়াবাজ সড়কে ইজিবাইক দুর্ঘটনায় ঢাকা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী হাবিবা খাতুন (১২) নিহত হয়েছে। এ দুর্ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবা তার মামার সাথে সন্ধ্যায় তার নিজ বাড়ি মাহমদপুর থেকে নেত্রকোনার অনন্তপুর গ্রামের দাদা মকবুল হোসেনের বাড়িতে ইজিবাইকে যাবার সময় তার গলায় পেঁচানো ওড়নার একাংশ বাইকের চাকায় জড়িয়ে হাবিবার গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা):গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের উত্তম কুমারের স্ত্রী এক শিশু সন্তানের জননী শ্যামলী রানী (২৪) স্বামীর বাড়ি থেকে অটোযোগে বাবার বাড়িতে যাবার পথে গতকাল শুক্রবার পৌরসভার বেলতলা নামক স্থানে গায়ের চাদর অটোর চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ:ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর নামকস্থানে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়চর নামকস্থানে পৌঁছলে হঠাত্ বাসের সামনের চাকা ফেটে যায়। এসময় বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলির যাত্রী যশোহরের কামরুল (২৮), ইব্রাহিম (৩৫), সাইফুল (৩০), মফিজ (২৫), রুবেল (২০) এবং জয়পুরহাটের মকবুল ফারু (১৮), নাজিম (২৫) গুরুতর আহত হন। আহতরা সকলে দিনমজুর বলে জানা গেছে।