এই সময়ের ছড়া

অঘ্রাণের সুঘ্রাণ...

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:০৮

টুপ-টুপ টুপ-টাপ         কান পেতে চুপচাপ

                আগমনি গান তার

                        শুনছি,

শিশিরের কলতান     মাঠে মাঠে সোনাধান

              আর ক’টা দিন নখে

                        গুনছি।

 

হাটে-হাটে কী বাহার    আনাজের সমাহার

                  সরিষার ফুল ছুঁয়ে

                          হাসছি,

খেজুরের রসে হাঁড়ি  গাছে বাঁধা সারিসারি

                চোখ মুদে সেই সুখে

                          ভাসছি।

 

পিঠা-পুলি উত্সব         সুখী সুখী শৈশব

                পায়েসের স্বাদ নিতে

                          চাচ্ছি,

এল-এল অঘ্রাণ     নেচে ওঠে মন-প্রাণ

                  আহা! তার সুঘ্রাণ

                          পাচ্ছি।