দেশের প্রাচীনতম কুমিল্লা শিক্ষাবোর্ডের সুবর্ণ জয়ন্তী আজ শনিবার। গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ৪টি অধিবেশনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। সুবর্ণ জয়ন্তী উত্সব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণ, বোর্ডের অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মচারীকে সম্মাননা প্রদান, ৭ গুণিজনকে মরণোত্তর সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে শিক্ষাবোর্ডের দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের নান্দনিক উদ্বোধন। এ অনুষ্ঠানকে ঘিরে কুমিল্লায় উত্সবের আমেজ বিরাজ করছে।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কুণ্ডু গোপীদাস বলেন, অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে।
