গাজীপুরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বন্ধুরা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৩
গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধুরা। খেলার মাঠে ঢুকে ওই ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় শরীফ নামে অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। নিহত কাজী শিহাব উদ্দিন শিয়া (১৫) উত্তর ছায়াবীথির কাজী আলাউদ্দিনের ছেলে এবং শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিহাব বন্ধুদের সাথে উত্তর ছায়াবীথির সানরাইজ স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলছিল। একই এলাকার হিমেল ও তারেক খেলায় হেরে গেলে উভয়ের মধ্যে তর্ক বাধে। রাত ৯টার দিকে হিমেল, রানা, আহম্মেদ ও নাহিদের নেতৃত্বে ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে শিহাব ও শরীফের উপর হামলা করে মাথা ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদেরকে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। গাজীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মাথায় কোপের দাগ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।