গণসংযোগে বাধা দিলে লাগাতার হরতাল :তরিকুল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৪
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে বাধা দেয়া হলে তিন থেকে চারদিনের লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ কথা বলেন। এর আগে আগামী ২৬ ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর রাজধানীতে খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি হবে একেবারে শান্তিপূর্ণ। তিনি পৃথক পাঁচটি স্থানে পথসভায় বক্তব্য রাখবেন। পথসভাগুলো হবে মিরপুর, রমনা-তেজগাঁও, সূত্রাপুর-কোতোয়ালি-যাত্রাবাড়ি, সবুজবাগ-খিলগাঁও এবং বাড্ডা-গুলশান এলাকায়। তিনি বলেন, সকাল ১১টায় মিরপুর থেকে পথসভা শুরু হবে। তবে পথসভার এলাকা ঠিক করা হলেও স্থান আজকালের মধ্যে চূড়ান্ত করা হতে পারে। সরকারকে মনে রাখতে হবে আমাদের শান্তিপূর্ণ পথসভার কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেয়ার চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি দেয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। কঠোর কর্মসূচি বলতে কি বুঝাতে চাইছেন প্রশ্ন করা হলে তরিকুল বলেন, লাগাতার হরতাল দেয়া হবে। আর সে হরতাল তিন থেকে চারদিন পর্যন্ত হতে পারে।