সীমান্ত পেরিয়ে প্রেম অতঃপর বিয়ে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২২:১৬
ছেলে বাংলাদেশি। মেয়ে ভারতীয়। সীমান্তের দুই পারের দুই জনের প্রেম, তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসে বিয়ে। পরিণামে জেলখানায় আটক। আরো পাঁচজন বন্দি আছেন ভারতে। বাংলাদেশের লাজু ইসলাম আর ভারতের লাইলি বেগমের এই প্রেম কাহিনী চলচ্চিত্রের মতই। লাইলি বেগম আর লাজু ইসলাম এখন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামের জেলে বন্দি। পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন জানিয়েছেন, তাদের দুজনের বিরুদ্ধে যথাক্রমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং তাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালন্ডি গ্রামের বাসিন্দা লাজু ইসলাম। সে সীমান্ত পেরিয়ে প্রায়ই ভারতে আসা-যাওয়া করত। সেখানে লাইলি বেগমের ভাইয়ের সঙ্গে ব্যবসার কাজও করত। একসময় লাইলি বেগমের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। কিন্তু মেয়ের বাবা এই সম্পর্ক মেনে নেননি। ৪ ডিসেম্বর বাবা-মা কাউকে না জানিয়ে বাংলাদেশে লাজু ইসলামের কাছে পালিয়ে আসে লাইলি বেগম। এর পর তারা চট্টগ্রামে গিয়ে বিয়ে করে। বাংলাদেশের পুলিশ জানায়, মেয়ের বাবা সুকৌশলে ছয় বাংলাদেশিকে ১৬ ডিসেম্বর ভারতে নিয়ে আটকে রাখেন। তাদের মধ্যে একজন বাংলাদেশে পালিয়ে এসেছে। ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার কর্মকর্তা বিশ্বাশ্রয় সরকার জানান, বাংলাদেশের পাটগ্রাম উপজেলার মো. শরীফুল, মো. আবু সাঈদ, মো. সুজন, মো. আবেদ আলী, মো. আমিনুল ইসলামকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।