জয়পুরহাটের কালাইয়ে গৃহবধূর শরীর গরম পানিতে ঝলসে দিয়েছে শাশুড়ি। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা দক্ষিণ ভাবকি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ আরজিনার বাবা বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করেছে।
গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূ আরজিনার শরীরে আচমকা পেছন থেকে গরম পানি ঢেলে দেয়। এ সময় আরজিনা চিত্কার দিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকলে জানাজানির ভয়ে তাকে ঘরে বেঁধে রাখার চেষ্টা করা হয়। কিন্তু আরজিনার চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসলে শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেয়। জীবন বাঁচাতে আরজিনা বাবার বাড়ি যাবার সময় স্থানীয় ইটাখোলা বাজারে এসে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সেখান থেকে ক্ষেতলাল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের চিকিত্সক সরদার রাশেদ মোবারক বলেন,‘আরজিনার শরীরের ৩০ ভাগ গরম পানিতে ঝলসে গেছে। চিকিত্সা চলছে। সুস্থ হতে বেশ সময় লাগবে।
এ ঘটনায় কালাই থানায় আরজিনার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
